মস্কো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূতের ইউক্রেন সফরকে সামনে রেখে কিয়েভে তিন দিনের জন্য রুশ হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন রুশ বাহিনীকে শনিবার মধ্যরাত থেকে তিন দিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো থেকে কিয়েভে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় এ ঘোষণা আসে।
শনিবার মস্কো পৌঁছান উইটকফ ও কুশনার। ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তারা রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন। মস্কো সফরের পর তাদের রোববার কিয়েভ যাওয়ার কথা রয়েছে।
এর আগে শনিবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেন উইটকফ ও কুশনার। বৈঠকের শুরুতে পুতিন বলেন, আলোচনায় যে পরিস্থিতি নিয়ে কথা হবে তা ‘কঠিন’। ক্রেমলিন জানিয়েছে, কিয়েভে হামলা বন্ধ রাখার সিদ্ধান্তটি মার্কিন দূতদের ইউক্রেন সফর এবং সেখানে তাদের বৈঠকের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
ট্রাম্প প্রশাসন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধের অবসান ঘটাতে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এখনো দুই পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
ভূখণ্ড, নিরাপত্তা নিশ্চয়তা এবং ইউক্রেনের ভবিষ্যৎ সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থান এখনো ভিন্ন। তবে পুতিনের তিন দিনের হামলা বিরতি এবং ট্রাম্পের দূতদের মস্কো ও কিয়েভ সফর যুদ্ধ বন্ধে নতুন কোনো অগ্রগতির পথ তৈরি করে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার ক্ষেত্রে এই সফরকে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।