ঢাকার অপরাধ জগতে নতুন হুমকি হয়ে উঠেছে কলমের মতো দেখতে ছোট আগ্নেয়াস্ত্র ‘পেন গান’। সহজে বহন ও গোপন রাখার সুবিধায় এটি অপরাধীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্বেগ বাড়িয়েছে।
পুরান ঢাকায় যুবদল নেতা রাসেলকে গুলির ঘটনায় জড়িত সন্দেহে সোহেল ওরফে কাল্লু ও সাইমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। কাল্লুর কাছ থেকে উদ্ধার করা হয় ব্যবহৃত পেন গানটি, যা একটি সিগারেটের প্যাকেটে লুকানো ছিল। পুলিশ জানায়, দেখতে সাধারণ স্টিলের কলমের মতো এই অস্ত্রে থাকে ০.২২ ক্যালিবার বুলেট। বাটনে চাপ দিলেই গুলি ছুটে যায়। এতে কোনো লোগো না থাকায় এটি বিদেশ থেকে পাচার হয়ে আসার সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার এক আসামির দাবি, অস্ত্রটি ৮০ হাজার টাকায় কেনা হয়েছিল।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, এ ধরনের অস্ত্রের ব্যবহার ঢাকায় আগে দেখা যায়নি। এটি কীভাবে দেশে এসেছে এবং এর নেটওয়ার্ক খুঁজে বের করতে একাধিক দল কাজ করছে। গত ৩ এপ্রিল নয়াবাজারে ডেকে নিয়ে রাসেলকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে প্রথমে ঢামেক, পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সাধারণ কলমের আড়ালে লুকানো এই একনলা ছোট পিস্তল একবারে একটি গুলি ছোড়ে-কিন্তু অপরাধীদের হাতে তা হয়ে উঠছে ভয়ংকর মারণাস্ত্র।