মার্কিন মহাকাশ অস্ত্রে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা চীনের

বেইজিং — মহাকাশে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়ানোর বিরোধিতা করে ওয়াশিংটনকে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। দেশটির সতর্কবার্তা, কক্ষপথে অস্ত্র মোতায়েনের ফলে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে এবং আন্তর্জাতিক কৌশলগত উত্তেজনা আরও বাড়তে পারে।

মার্কিন কর্মকর্তারা কক্ষপথে যুক্তরাষ্ট্রের অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করার পর চীনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এসেছে। মার্কিন বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক জানান, মহাকাশে মোতায়েন এসব অস্ত্র মহাকাশভিত্তিক হামলা বা শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় প্রতিরক্ষার অংশ হিসেবে ব্যবহারের জন্য রাখা হয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, বেইজিং মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহার এবং নিরাপত্তার পক্ষে। মহাকাশকে অস্ত্র প্রতিযোগিতা ও যুদ্ধের ক্ষেত্র হিসেবে গড়ে তোলার যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে চীন।

১৫ সেপ্টেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে গুও বলেন, মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করা এবং সেখানে সামরিক সম্প্রসারণ থামাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে বেইজিং। একই সঙ্গে তিনি বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্রকে বাস্তব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকরাও সতর্ক করেছেন, মহাকাশে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা বাড়তে থাকলে অন্য দেশগুলোও এর মোকাবিলায় নিজেদের মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা বাড়াতে পারে। এতে প্রতিযোগিতা আরও তীব্র হয়ে মহাকাশে সংঘাতের ঝুঁকি বাড়তে পারে।

এদিকে, মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা ঠেকাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়াও। দেশটি কক্ষপথে আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন সীমিত করতে একটি আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির পক্ষে অবস্থান জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামরিক সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতা চলছে। মহাকাশে সামরিক সক্ষমতা নিয়ে নতুন এই বিরোধ দুই দেশের কৌশলগত উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে সামনে এসেছে।