ফ্যাশনের ঝলকানিতে মুখরিত আটলান্টিক সিটি

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পর্যটন নগরী আটলান্টিক সিটির শোবোট হোটেলে বসেছিল আটলান্টিক সিটি ফ্যাশন উইক ২০২৬-এর জমজমাট আসর। ডিজাইনার, মডেল, ফ্যাশন উদ্যোক্তা ও ফ্যাশনপ্রেমীদের অংশগ্রহণে তিন দিনের এই আয়োজন পরিণত হয়েছিল এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোকসজ্জা, র‍্যাম্প আর নজরকাড়া সব ডিজাইনের প্রদর্শনীতে শোবোট হোটেলে যেন তৈরি হয়েছিল ভিন্ন এক ফ্যাশন জগত। ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন চলে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিনই ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।

র‍্যাম্পে একের পর এক নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হন মডেলরা। দেশ-বিদেশের ডিজাইনারদের সৃজনশীলতা, পোশাকের বৈচিত্র্য এবং আধুনিক ফ্যাশন ট্রেন্ডের নানা দিক উঠে আসে এবারের আয়োজনে। ভিন্নধর্মী নকশা, রঙের বৈচিত্র্য এবং পোশাকের উপস্থাপনায় র‍্যাম্পজুড়ে ছিল উৎসবের আমেজ। ফ্যাশন শোর পাশাপাশি পুরো আয়োজনজুড়ে ছিল সৃজনশীলতা, বিনোদন ও নেটওয়ার্কিংয়ের নানা সুযোগ। এতে অংশ নেন ফ্যাশন ডিজাইনার, মডেল, উদ্যোক্তা, শিল্পী এবং ফ্যাশন অনুরাগীরা। বিভিন্ন অঙ্গনের পেশাজীবীদের পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়েরও সুযোগ তৈরি হয় এ আয়োজনের মধ্য দিয়ে।

এবারের আটলান্টিক সিটি ফ্যাশন উইক বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এবারের আয়োজন উদযাপন করেছে এর ১৫তম বার্ষিকী। ২০১১ সালে যাত্রা শুরু করা এই আয়োজন বর্তমানে বছরে তিনবার অনুষ্ঠিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি আটলান্টিক সিটির ফ্যাশন ও সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম পরিচিত আয়োজন হিসেবে জায়গা করে নিয়েছে।

ফ্যাশন স্টাইল ম্যাগাজিন ও কিংবি মিডিয়া-র অংশীদারিত্বে আয়োজিত এবারের আটলান্টিক সিটি ফ্যাশন উইকে অংশ নেন দেশ-বিদেশের ডিজাইনার, মডেল ও ফ্যাশন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের মতে, তিন দিনের এ আয়োজনে হাজারো ফ্যাশনপ্রেমীর সমাগম ঘটে। র‍্যাম্প শো, নতুন প্রজন্মের ডিজাইনারদের সৃজনশীলতা এবং ফ্যাশন শিল্পের বিভিন্ন অঙ্গনের মানুষের অংশগ্রহণে এবারের আয়োজন আটলান্টিক সিটির সাংস্কৃতিক ও বিনোদনজগতে যোগ করেছে নতুন মাত্রা।