মিস ওয়ার্ল্ড হলেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা

আন্তর্জাতিক ডেস্ক: ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ডমিঙ্গেজ মিস ওয়ার্ল্ড ২০২৬-এর মুকুট জিতেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত জমকালো ফাইনালে ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই খেতাব অর্জন করেন।

২৪ বছর বয়সী জোহেইরি মোলা একজন শিক্ষক, সাংবাদিক, মডেল ও সমাজকর্মী। তিনি ইউনিভার্সিডাদ ইবেরোআমেরিকানা থেকে বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইংরেজিতে সাহিত্য ও সামাজিক বিজ্ঞান পড়ানোর পাশাপাশি যোগাযোগ ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

মিস ওয়ার্ল্ডের এবারের আসরে শুরু থেকেই নজর কেড়েছিলেন জোহেইরি। আমেরিকাস অ্যান্ড ক্যারিবিয়ান অঞ্চলের টপ মডেল প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তিনি টপ ৪০-এ জায়গা করে নেন। এরপর টপ ২০, টপ ১২ এবং শেষ পর্যন্ত সেরা ছয়ে উঠে আসেন।

ফাইনালের শেষ ধাপে জোহেইরি তার সামাজিক উদ্যোগ ‘Voices of Tomorrow’ নিয়ে কথা বলেন। এই উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি ভাষা শেখার সুযোগ তৈরি করা হয়। তার মতে, ভাষাশিক্ষা শিশুদের আত্মপ্রকাশের সুযোগ দেওয়ার পাশাপাশি শিক্ষা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের দরজাও খুলে দিতে পারে।

জোহেইরির এই জয় ডোমিনিকান রিপাবলিকের জন্যও ঐতিহাসিক। দেশটির হয়ে এর আগে ১৯৮২ সালে মারিয়াসেলা আলভারেজ মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছিলেন। ৪৪ বছর পর দ্বিতীয়বারের মতো এই আন্তর্জাতিক শিরোপা পেল ক্যারিবীয় দেশটি।

ফাইনালে স্পেনের এলিসাবেথ রেইনেস প্রথম রানার-আপ এবং মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন। থাইল্যান্ডের অপাল সুচাতা চুয়াংস্রি, যিনি ২০২৫ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন, নতুন বিজয়ী জোহেইরি মোলার মাথায় মুকুট পরিয়ে দেন।

এবারের প্রতিযোগিতাটি ছিল মিস ওয়ার্ল্ডের ৭৩তম আসর এবং ভিয়েতনামে প্রথমবারের মতো আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। চার সপ্তাহব্যাপী এই আয়োজনে সৌন্দর্য প্রতিযোগিতার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা। মিস ওয়ার্ল্ডের মুকুট পাওয়ার পর এখন আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনটির বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং ‘Beauty With a Purpose’ কর্মসূচির প্রতিনিধিত্ব করবেন জোহেইরি মোলা।