জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এআই নিয়ে ব্রিফ করবেন স্যাম অল্টম্যান

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে আলোচনায় আগামী সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সরাসরি ব্রিফ করবেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে ব্যক্তিগতভাবে বক্তব্য দেবেন অল্টম্যান। তাঁর বক্তব্যে এআই ব্যবহারে আন্তর্জাতিক সমন্বয়, অভিন্ন নিরাপত্তা মানদণ্ড এবং বিশ্বজুড়ে মানুষের কল্যাণে এআইকে নিরাপদ রাখার জন্য ওপেনএআইয়ের উদ্যোগ গুরুত্ব পাবে বলে জানানো হয়েছে।

সেপ্টেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ফ্রান্স এই বৈঠক আয়োজন করছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারো। ফ্রান্সের তৈরি একটি ধারণাপত্রে এআইয়ের অপব্যবহারের ঝুঁকি তুলে ধরে প্রযুক্তিটির নিরাপদ ও দায়িত্বশীল বিকাশে জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

ক্রমশ উন্নত হয়ে ওঠা এআই মডেলের ওপর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে—এমন কর্মকাণ্ডে এআই ব্যবহারের সম্ভাবনাও বৈঠকে আলোচনায় আসতে পারে। কূটনীতিকরা জানিয়েছেন, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নিতে পারেন, যদিও তাদের উপস্থিতি তখনও নিশ্চিত হয়নি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০২৩ সালে প্রথমবারের মতো এআইয়ের ঝুঁকি নিয়ে বিশেষভাবে আলোচনা করেছিল। এরপর থেকে যুদ্ধ, নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর উন্নত এআইয়ের সম্ভাব্য প্রভাব জাতিসংঘে ক্রমবর্ধমান আলোচনার বিষয় হয়ে উঠেছে। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে এর আগেও সতর্ক করেছেন অল্টম্যান। ২০১৫ সালের এক প্রবন্ধে তিনি অতিমানবীয় কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশকে মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছিলেন।