বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বিশ্বের অন্যতম জনাকীর্ণ নগরী নিউইয়র্কে সাধারণ মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসম্মত টয়লেটের অভাব মেটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে নগর প্রশাসন। নিউইয়র্ক সিটির ৫টি বরো বা বড় প্রশাসনিক এলাকা জুড়ে পর্যায়ক্রমে চালু হচ্ছে ১৭টি উচ্চপ্রযুক্তি সম্পন্ন মডুলার পাবলিক টয়লেট। গত বুধবার এক সংবাদ সম্মেলনে ৪ মিলিয়ন ডলার ব্যয়ের এই ১ বছর মেয়াদি পাইলট প্রকল্পের উদ্বোধন করেন সিটি মেয়র জোহরান কোয়ামে মামদানি ।
মেয়র মামদানি বলেন, “বহু নিউইয়র্কবাসী এবং কর্মজীবী মানুষ—বিশেষ করে যারা দীর্ঘ ১২ ঘণ্টা রাস্তায় থাকেন এমন ডেলিভারি কর্মী কিংবা শিশু নিয়ে বের হওয়া মায়েরা—জরুরি প্রয়োজনে শৌচাগার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। আমাদের রাস্তাঘাট পরিষ্কার রাখতে এবং নাগরিক মর্যাদা নিশ্চিত করতে এই পাবলিক হেলথ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
মাটির নিচে কোনো সংযোগ লাগবে না
এই শৌচাগারগুলো তৈরি করেছে প্রযুক্তিভিত্তিক কোম্পানি ‘থ্রোন ল্যাবস’ (Throne Labs)। এগুলো সম্পূর্ণ সেলফ-কন্টেইনড বা মডুলার। অর্থাৎ, এগুলো সচল করার জন্য মাটির নিচের প্রধান পানি বা পয়োনিষ্কাশন লাইনের সংযোগ দেওয়ার প্রয়োজন নেই। ফলে খুব দ্রুত যেকোনো ব্যস্ত মোড়ে বা প্লাজায় এগুলো বসানো যাবে এবং প্রয়োজনে অন্য জায়গায় স্থানান্তরও করা সম্ভব।

পাবেন আধুনিক সব সুযোগ-সুবিধা
সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারযোগ্য এই টয়লেটগুলো প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আধুনিক এই ইউনিটগুলোতে রয়েছে স্পর্শহীন (touchless) ফ্ল্যাশ টয়লেট, রানিং ওয়াটার সিঙ্ক, স্বয়ংক্রিয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি ও হিটার) এবং শিশুদের ডায়াপার পরিবর্তনের জন্য বেবি-চেঞ্জিং স্টেশন। এছাড়া এটি বিশেষভাবে শারীরিক প্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী (ADA-compliant) করে ডিজাইন করা হয়েছে।
মোবাইল অ্যাপে আনলক, তবে সময় মাত্র ১০ মিনিট!
ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের অ্যাপ, কিউআর কোড বা টেক্সট মেসেজের মাধ্যমে এই টয়লেটগুলো আনলক করে প্রবেশ করতে পারবেন। যাদের স্মার্টফোন নেই (যেমন গৃহহীন মানুষ), তাদের জন্য স্থানীয় সামাজিক সংগঠনের মাধ্যমে বিশেষ ‘ট্যাপ কার্ড’ বিতরণ করা হবে।

তবে এর সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এর কঠোর ১০ মিনিটের সময়সীমা। কেউ ভেতরে ঢোকার ৫ মিনিট এবং ৮ মিনিটের মাথায় অডিও সতর্কবার্তা দেওয়া হবে। ১০ মিনিট পূর্ণ হওয়ার সাথে সাথে ভেতরে ফ্ল্যাশিং লাইট জ্বলবে এবং স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে যাবে। থ্রোন ল্যাবসের প্রধান পরিচালন কর্মকর্তা (COO) জেসিকা হেইনজেলম্যান জানান, “কেউ যেন দীর্ঘক্ষণ টয়লেট দখল করে রাখতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা। সাধারণত একজন মানুষের টয়লেট ব্যবহারে সাড়ে ৩ মিনিট সময় লাগে, তাই ১০ মিনিট যথেষ্ট।”
প্রাথমিকভাবে ম্যানহাটনের কুপার স্কয়ার, ব্রুকলিনের কলম্বাস পার্ক এবং ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়ামের মতো উচ্চ-ঘনত্বপূর্ণ এলাকাগুলোতে এই টয়লেটগুলো স্থাপন করা হচ্ছে। এক বছরের এই পরীক্ষামূলক প্রকল্পের সফলতার ওপর ভিত্তি করে পরবর্তীতে পুরো নিউইয়র্ক সিটি জুড়ে এই সেবা আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।