নিউইয়র্কে আজ ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু

নিউইয়র্ক: বিশ্বজুড়ে চলমান সংঘাত, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি আস্থার সংকটের মধ্যে আজ নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৮১তম সাধারণ অধিবেশনের কার্যক্রম শুরু হবে ৮ সেপ্টেম্বর ২০২৬ এবং চলবে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত। এই অধিবেশনের সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য—“আস্থা পুনঃস্থাপন, রূপান্তর পরিচালনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ” (Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All)।বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত, মানবিক বিপর্যয়, বৈষম্য, জলবায়ু সংকট এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধীরগতির প্রেক্ষাপটে এবারের অধিবেশন বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বিশ্বব্যাপী আস্থা সংকট ও বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

খলিলুর রহমান গত ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। এ পদে তিনি সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকুরিসকে পরাজিত করেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত পালাক্রম অনুযায়ী এবার বাংলাদেশ থেকে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত করা হয়।

সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূল আলোচনায় শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, মানবিক সহায়তা, প্রযুক্তিগত পরিবর্তন এবং জাতিসংঘের বহুপাক্ষিক ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়গুলো গুরুত্ব পাবে। জাতিসংঘের সাধারণ বিতর্ক বা General Debate অনুষ্ঠিত হবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা জাতিসংঘের মঞ্চে নিজেদের দেশের অবস্থান ও বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে বক্তব্য দেবেন।

জাতিসংঘের তথ্যমতে, এবারের অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে বিশ্বনেতারা শান্তি, উন্নয়ন ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করবেন। ৮১তম অধিবেশনের মধ্য দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু হলো। বিশ্বব্যাপী বিভাজন ও আস্থার সংকটের এই সময়ে খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারণ পরিষদ কতটা ঐকমত্য ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তুলতে পারে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক সম্প্রদায়ের।