শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের এবং জীবন বাজি রেখে উদ্ধারকাজে অংশ নেওয়া প্রথম সাড়াদানকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে এলিপসে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী সামনে রেখে নিহতদের স্মরণ করেন। অনুষ্ঠানে অগ্নিনির্বাপক কর্মী, পুলিশ সদস্য, প্রথম সাড়াদানকারী, গোল্ড স্টার পরিবার এবং টানেল টু টাওয়ার্স ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দক্ষিণ টাওয়ারের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ২১ ফুট দীর্ঘ একটি ইস্পাতের বিম প্রদর্শন করা হয়। টানেল টু টাওয়ার্স ফাউন্ডেশনের ‘স্টিল অ্যাক্রস আমেরিকা’ কর্মসূচির অংশ হিসেবে বিমটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় প্রদর্শনের পর ওয়াশিংটনে আনা হয়।
ট্রাম্প বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। হামলার ২৫ বছর পরও যুক্তরাষ্ট্র সেই দিনের নিহতদের স্মরণ করছে এবং তাদের কখনো ভুলে না যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
অনুষ্ঠানে ট্রাম্প ৯/১১ হামলার সময় বহু মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখা ওয়েলস ক্রাউথারকে মরণোত্তর প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। ক্রাউথার ‘ম্যান ইন দ্য রেড ব্যান্ডানা’ নামে পরিচিত ছিলেন। তাঁর পরিবারের সদস্যরা তাঁর পক্ষে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা গ্রহণ করেন।
এ ছাড়া ৯/১১ হামলায় নিহত নিউইয়র্কের অগ্নিনির্বাপক কর্মী ও কোস্ট গার্ডের রিজার্ভ সদস্য জেফরি পালাজোর স্মরণে নতুন একটি কোস্ট গার্ড দ্রুতগামী টহলজাহাজের নামকরণের ঘোষণাও দেন ট্রাম্প। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী শুক্রবার ৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স হামলার বিভিন্ন স্থানে গিয়ে নিহতদের স্মরণ এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাবেন।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সন্ত্রাসীরা ছিনতাই করা বিমান দিয়ে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় হামলা চালায়। হামলায় প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। এর পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নীতি, বৈদেশিক যুদ্ধনীতি এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে।