প্রতিরক্ষা উৎপাদন আইনে ক্ষমতা বণ্টনে পরিবর্তন ট্রাম্পের

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে প্রেসিডেন্টের নির্দিষ্ট ক্ষমতা অর্পণের নিয়মে পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নির্বাহী আদেশের মাধ্যমে জ্বালানি ও জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন দপ্তরের দায়িত্ব ও ক্ষমতা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, মঙ্গলবার ৮ সেপ্টেম্বর জারি করা এই আদেশের মাধ্যমে প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে প্রেসিডেন্টের কিছু ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে স্বরাষ্ট্র ও জ্বালানি দপ্তরকে নিজ নিজ দায়িত্বের আওতায় স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে এসব বিষয়ে প্রধান দায়িত্ব জ্বালানি দপ্তরের ওপর ন্যস্ত ছিল। নতুন ব্যবস্থায় স্বরাষ্ট্র ও জ্বালানি দপ্তর নিজ নিজ আওতাধীন জ্বালানি-সম্পর্কিত বিষয়ে অর্পিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

দুই দপ্তরের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দিলে তা নিষ্পত্তির জন্য নির্দিষ্ট প্রক্রিয়াও নির্ধারণ করা হয়েছে। জ্বালানি-সংক্রান্ত বিরোধ প্রথমে জাতীয় জ্বালানি আধিপত্য পরিষদের কাছে পাঠানো হবে। কোনো বিষয় জাতীয় প্রতিরক্ষা অবকাঠামো বা সামরিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট হলে তা জাতীয় নিরাপত্তা পরিষদের কাছেও পাঠানো হতে পারে। নতুন আদেশে স্বরাষ্ট্র, বাণিজ্য ও জ্বালানি দপ্তরের প্রধানদের প্রতিরক্ষা উৎপাদন আইনের অধীনে প্রেসিডেন্টের নির্দিষ্ট কিছু ক্ষমতা স্বাধীনভাবে প্রয়োগের সুযোগও দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা উৎপাদন আইন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ পণ্য ও সম্পদের উৎপাদন, সরবরাহ এবং বণ্টনে প্রভাব বিস্তারের ব্যাপক ক্ষমতা দেয়। গুরুত্বপূর্ণ কাঁচামাল, জ্বালানি ও কৌশলগত সরবরাহব্যবস্থা নিশ্চিত করতেও আইনটি ব্যবহার করা হয়ে থাকে।

হোয়াইট হাউস বলেছে, নতুন পরিবর্তনগুলো প্রচলিত আইন অনুযায়ী বাস্তবায়ন করতে হবে এবং বরাদ্দকৃত অর্থের প্রাপ্যতার ওপরও তা নির্ভর করবে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে জ্বালানি সম্পদ ব্যবস্থাপনা, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত উৎপাদনব্যবস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।