নিউইয়র্ক প্রতিনিধি:বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ। ৯ সেপ্টেম্বর বুধবার দেওয়া পদত্যাগপত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, জালিয়াতি ও নথি জাল করার অভিযোগে ডব্লিউএইচও এবং বাংলাদেশের কর্তৃপক্ষের তদন্তের মধ্যে তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগ কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সায়মা ওয়াজেদ ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তবে ২০২৫ সালের জুলাই থেকে তিনি বেতনবিহীন প্রশাসনিক ছুটিতে ছিলেন। এর আগে ২০২৫ সালের মার্চে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে।
ডব্লিউএইচওর পক্ষ থেকে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন সফরসংক্রান্ত আর্থিক অনিয়ম এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ তোলা হয়েছিল। তার বিরুদ্ধে বাংলাদেশে একটি জমি অবৈধভাবে অধিগ্রহণের অভিযোগও আনা হয়। তবে সায়মা ওয়াজেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রয়টার্সের হাতে আসা তার আইনজীবীদের ৩ জুলাই ২০২৬-এর একটি চিঠিতে বলা হয়েছে, চীন সফরের ব্যয়সংক্রান্ত অভিযোগটি কোনো ধরনের ভ্রমণ জালিয়াতি ছিল না; বরং একজন সহকারী নিয়মিত ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ায় প্রশাসনিক ভুল করেছিলেন। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ছিল ৯০১ ডলার। শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের জবাবে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট পেয়েছেন এবং বিষয়টি ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুসকে জানিয়েছিলেন।
জমি নিয়ে অভিযোগের বিষয়ে পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ বলেন, ডব্লিউএইচওতে যোগ দেওয়ার আগেই তিনি ওই জমি অধিগ্রহণ করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য একটি আইনের অধীনে তিনি জমিটির অধিকারী ছিলেন বলেও দাবি করেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ আরও অভিযোগ করেন, তাকে দায়িত্ব কার্যকরভাবে পালনে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, এ কারণে ডব্লিউএইচওর নেতৃত্বের ওপর তার আস্থা ও বিশ্বাস নষ্ট হয়েছে। প্রায় এক বছর বেতন ছাড়া থাকার কারণে তার আর্থিক পরিস্থিতিও অসহনীয় হয়ে উঠেছে বলে তিনি উল্লেখ করেন।
সায়মা ওয়াজেদের পদত্যাগের একদিন আগে ডব্লিউএইচওর একটি কমিটি তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করেছিল বলে সংস্থাটি রয়টার্সকে জানিয়েছে। ডব্লিউএইচও বলেছে, এখন তার পদত্যাগ আঞ্চলিক কমিটি ও নির্বাহী বোর্ড বিবেচনা করবে। সংস্থাটির এক মুখপাত্র জানান, পুরো বিষয়টি ন্যায্যতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পরিচালনা করা হয়েছে এবং একই সঙ্গে সংস্থার স্বার্থ ও দায়িত্ব পালনের সক্ষমতা সুরক্ষিত রাখা হয়েছে।
সায়মা ওয়াজেদের স্থলাভিষিক্ত করার জন্য নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচনের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে ডব্লিউএইচও। রয়টার্সের দুটি সূত্র জানিয়েছে, ১২ অক্টোবর প্রার্থীদের মনোনয়ন ঘোষণা, ডিসেম্বরে আবেদন যাচাই এবং ২৪ জানুয়ারি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন আঞ্চলিক পরিচালক নির্বাচিত না হওয়া পর্যন্ত ড. নিলেশ বুদ্ধ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদটি ডব্লিউএইচওর গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদগুলোর একটি। আঞ্চলিক পরিচালকের দায়িত্বের মধ্যে রয়েছে রোগের প্রাদুর্ভাব ও জরুরি পরিস্থিতিতে সংস্থার কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডব্লিউএইচওর নীতিমালা বাস্তবায়নে ভূমিকা রাখা। এই পদে সদস্যরাষ্ট্রগুলো প্রতি পাঁচ বছর পর নির্বাচন করে। দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সদস্যদের মধ্যে বাংলাদেশ ও ভারতও রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স।