ঢাকা: ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযুক্ত অন্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাজহারুল কবির শয়ন এবং সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।
অভিযুক্তদের মধ্যে শামসুদ্দিন চৌধুরী মানিক, এ কে এম জামাল উদ্দিন ও তানবীর হাসান সৈকত বর্তমানে কারাগারে রয়েছেন। অন্য পাঁচজন পলাতক বলে প্রসিকিউশন জানিয়েছে। অভিযোগপত্র দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটর অভিযোগ করেন, মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। প্রসিকিউশন জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য ও নথির ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ট্রাইব্যুনালে অভিযোগের বিষয়ে শুনানি হবে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে যাবে।