ওয়াশিংটনে শি জিনপিংকে বিমানবন্দরে স্বাগত জানাবেন ট্রাম্প

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন ডিসি: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটনে পৌঁছালে তাঁকে বিমানবন্দরে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে শির যুক্তরাষ্ট্র সফরকে সামনে রেখে ট্রাম্পের এই সিদ্ধান্তকে বিরল প্রটোকল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

শি আগামী বুধবার, ২৩ সেপ্টেম্বর ওয়াশিংটনে পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে। সাধারণত বিদেশি নেতাদের বিমানবন্দরে স্বাগত জানান না মার্কিন প্রেসিডেন্টরা; তাই জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্পের উপস্থিতি ব্যতিক্রমী আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।

শির সফরে হোয়াইট হাউসে আনুষ্ঠানিক অভ্যর্থনা, রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ এবং রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন থাকবে। নৈশভোজে প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ নির্বাহীরও উপস্থিত থাকার কথা রয়েছে।

ট্রাম্প ও শির বৈঠকে বাণিজ্য, গুরুত্বপূর্ণ বিরল খনিজের সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে চলমান মতবিরোধের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

চলতি বছর এটি ট্রাম্প ও শির দ্বিতীয় মুখোমুখি বৈঠক হবে। এর আগে মে মাসে ট্রাম্প বেইজিং সফর করে শির সঙ্গে বৈঠক করেছিলেন। আসন্ন শীর্ষ বৈঠকের আগে চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন।