উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: উত্তর কোরিয়ার সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। একই সঙ্গে পিয়ংইয়ংকে আবারও সংলাপে ফেরার আহ্বান জানিয়েছে তিন দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি দেন।

বিবৃতিতে তিন দেশ বলেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে অর্থায়নের সুযোগ বন্ধে তারা কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপের পথ খোলা রয়েছে বলেও উল্লেখ করা হয়। উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন ও তা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা পর্যবেক্ষণে বহুপক্ষীয় স্যাংশন মনিটরিং টিমের কাজকে স্বাগত জানিয়েছে তিন দেশ। উত্তর কোরিয়ার সাইবার হুমকি এবং দেশটির আইটি কর্মীদের কর্মকাণ্ড মোকাবিলায় সহযোগিতার বিষয়টিও বিবৃতিতে গুরুত্ব পেয়েছে। অপহৃত ব্যক্তি, আটক ব্যক্তি, নিজ দেশে ফিরতে না পারা যুদ্ধবন্দি এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর বিষয়ও দ্রুত সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

অর্থনৈতিক নিরাপত্তায় জোর

বৈঠকে অর্থনৈতিক নিরাপত্তা ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। তিন দেশ মুক্ত ও স্বচ্ছ বাণিজ্য বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এ লক্ষ্যে তারা ত্রিপক্ষীয় Supply Chain Early Warning System আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নিয়ে নতুন ত্রিপক্ষীয় পরামর্শ ব্যবস্থাকেও স্বাগত জানানো হয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আঞ্চলিক সহযোগিতা এবং তেল মজুত বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ৭ জুলাইয়ের ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন দেশে Small Modular Reactor বা SMR স্থাপনের উদ্যোগ এগিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোয়ান্টাম প্রযুক্তি, ডিজিটাল অবকাঠামো, বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টর খাতেও সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ।

তাইওয়ান প্রণালি ও আঞ্চলিক নিরাপত্তা

জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের প্রতি যুক্তরাষ্ট্রের extended deterrence বা সম্প্রসারিত প্রতিরোধ সক্ষমতার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। তিন পররাষ্ট্রমন্ত্রী তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা তাইওয়ান প্রণালির দুই পাড়ের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানান এবং একতরফাভাবে বর্তমান পরিস্থিতি পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেন। ইন্দো-প্যাসিফিকসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক আইন অনুযায়ী নৌ চলাচল, আকাশপথে চলাচল এবং বৈধ বাণিজ্য অব্যাহত রাখার পক্ষেও তারা অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পরিচালিত স্ক্যাম সেন্টারসহ সংগঠিত অপরাধ দমনে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের (UNODC) সঙ্গে নতুন ত্রিপক্ষীয় সহযোগিতার উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। সমুদ্র নিরাপত্তা, আইন প্রয়োগ, দুর্যোগ মোকাবিলা এবং আর্কটিক ইস্যুতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে তিন দেশ। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সমন্বয় জোরদার এবং নিয়মিত ত্রিপক্ষীয় বৈঠক চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।