শিব্বীর আহমেদ, নিউইয়র্ক: শিশু ও তরুণদের প্রযুক্তি ও শিক্ষার সুযোগ বাড়াতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ (FTFT) উদ্যোগের আওতায় সাতটি প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে নতুন অংশীদারিত্ব ঘোষণা করা হয়েছে। সোমবার জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (UNGA) ফাঁকে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘স্পেশাল এনভয় ফর বেস্ট ফিউচার জেনারেশনস’ চ্যারিটি ওয়ালেসের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।
নতুন অংশীদার প্রতিষ্ঠানগুলো হলো—অ্যাডোবি, অ্যামাজন, গুগল, ইন্টেল, এন৫০, স্টারলিংক ও জুম। এসব প্রতিষ্ঠানের উদ্যোগের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), শিক্ষা প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, ইন্টারনেট সংযোগ এবং কর্মসংস্থানভিত্তিক প্রযুক্তি প্রশিক্ষণ। অ্যাডোবি বিশ্বব্যাপী পাঁচটি ভাষায় তাদের এক্রোবেট স্টুডেন্ট স্প্যাসেস (Acrobat Student Spaces) কর্মসূচি সম্প্রসারণ করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের পাঠ্যসামগ্রীর ওপর ভিত্তি করে বিনামূল্যে এআই-চালিত পড়াশোনা ও সৃজনশীল কাজের সরঞ্জাম ব্যবহার করতে পারবে।
অ্যামাজন ১৩২টি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে লাখো শিক্ষার্থীর জন্য সফটওয়্যার প্রকৌশলের এআইএজেন্ট কিরো-তে বিনামূল্যে প্রবেশাধিকার সম্প্রসারণ করবে। রোমানিয়া, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ও এর আওতায় রয়েছে। একই সঙ্গে অ্যামাজনের বিনামূল্যের এডব্লিউএস একাডেমী (AWS Academy) ইতোমধ্যে ২০ লাখের বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজন খলিফা ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে এডব্লিউএস ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম (AWS Data Center Infrastructure Training Program) চালু করবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ক্যারিয়ার সুযোগ পাবে। দেশটিতে ৪৫০টির বেশি স্কুলে কোডিং ক্লাব (Coding Club) চালুর পরিকল্পনাও রয়েছে।
গুগল বিশ্বব্যাপী শিক্ষকদের জন্য এআই গুগল এডুকেটর সিরিজ (Google AI Educator Series) সম্প্রসারণে ৪ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। এই প্রশিক্ষণ বিনামূল্যে শিক্ষকদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। গুগল জানিয়েছে, উদ্যোগটির মাধ্যমে শিক্ষকদের এআই সংক্রান্ত দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মানবিক যোগাযোগের গুরুত্ব বজায় রাখা হবে।
ইন্টেল ১০টি দেশে এআই শিক্ষা, শিক্ষা প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা সম্প্রসারণ করবে। প্রতিষ্ঠানটির এআই ফর সিটিজেনস (AI for Citizens), এআই ফর ইয়ুথ (AI for Youth) এবং সেমিকন্ডাক্টর ফর ইয়ুথ (Semiconductor for Youth) কর্মসূচির মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হবে। পানামায় বড় পরিসরে এআই পিসি ব্যবহারের পাশাপাশি মিসর, ঘানা, ইসরায়েল, কেনিয়া, মালয়েশিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ভিয়েতনামে নতুন বা সম্প্রসারিত অংশীদারিত্বের কথা জানানো হয়েছে।
এন৫০ উগান্ডায় একটি নতুন এআই ইউকেশন ডিভাইস (AI Education Device) পরীক্ষামূলক কর্মসূচি চালু করবে। এতে ১০ হাজারের বেশি শিক্ষার্থী এবং প্রায় ২০০ শিক্ষক উপকৃত হবেন। স্টারলিংক, ইন্টেল, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি ও অ্যারো ইলেকট্রনিকসের সহযোগিতায় পরিচালিত এ কর্মসূচিতে স্কুলগুলো অনলাইন ও অফলাইন—দুই ধরনের ইন্টারনেট সুবিধা পাবে।
স্টারলিংক পাপুয়া নিউগিনি সরকার এবং দেশটির ন্যাশনাল ইনফরমেশন এন্ড কমিউনিকেশনস টেকনোলজি (National Information and Communications Technology Authority (NICTA))-এর সঙ্গে কাজ করে দেশটিতে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করবে। এ উদ্যোগটি যুক্তরাষ্ট্র-পাপুয়া নিউগিনি কৌশলগত অংশীদারত্ব সংলাপে ঘোষিত ৩ কোটি ডলার মার্কিন সহায়তার ওপর ভিত্তি করে এগোবে।
অন্যদিকে, জুম তাদের জুম কেয়ারস (Zoom Cares) কর্মসূচির মাধ্যমে এফটিএফটি (FTFT) এর জন্য নতুন করে ২৭ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দেবে। বৃহত্তর এআই ফর গুড (AI for Good) উদ্যোগের অংশ হিসেবে এসব অর্থ শিক্ষা, কর্মশক্তি উন্নয়ন এবং অলাভজনক প্রতিষ্ঠানের এআই ব্যবহারের সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় হবে। ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এফটিএফটি (FTFT) ভুক্ত দেশগুলোতে সরাসরি কাজ করা অলাভজনক প্রতিষ্ঠানগুলো এসব অনুদানের আওতায় আসবে।
ফস্টারিং দ্য ফিউচার টুগেদার উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রযুক্তি ও শিক্ষার মাধ্যমে শিশুদের ক্ষমতায়ন করা। এর চারটি প্রধান ক্ষেত্র হলো শিক্ষায় এআই , শিক্ষা প্রযুক্তির সরঞ্জাম, অনলাইন সুরক্ষা এবং ডিজিটাল দক্ষতা। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, উদ্যোগটির সঙ্গে এখন ৫৭টি দেশ যুক্ত হয়েছে। ফ্রান্স, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, পানামা, ফিলিপাইন, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ইসরায়েল, মরক্কো, কেনিয়া, তুরস্ক ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউসরা এতে যুক্ত রয়েছেন।