জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ

নিউইয়র্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশনের নীতিমালা অনুযায়ী জাতীয় শ্রমিকলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বুধবার দুপুর ২টায় জাতীয় শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নাজমুল আলম রোমেন। যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘন করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ও আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (ITUC)-এর অন্তর্ভুক্ত জাতীয় শ্রমিকলীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে বলে তারা দাবি করেন।

সমাবেশে বক্তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার আইএলও স্বীকৃত শ্রমিকদের অন্যতম মৌলিক অধিকার। কর্মক্ষেত্রে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ দিতে এ অধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, ট্রেড ইউনিয়ন অধিকার রক্ষায় আইএলওর মৌলিক কনভেনশনগুলোর মধ্যে কনভেনশন ৮৭-এ ট্রেড ইউনিয়ন গঠন ও সংগঠিত হওয়ার অধিকার এবং কনভেনশন ৯৮-এ ট্রেড ইউনিয়ন কর্মকাণ্ডের কারণে শ্রমিকদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ থেকে সুরক্ষার বিষয়টি রয়েছে। বক্তাদের দাবি, এসব নীতিমালা লঙ্ঘন করে নির্বাহী আদেশে জাতীয় শ্রমিকলীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় শ্রমিকলীগের প্রধান কার্যালয় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগের অধিভুক্ত বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয় বন্ধ করে রাখা হয়েছে বলেও তারা দাবি করেন। সভায় বক্তারা আরও বলেন, জাতীয় শ্রমিকলীগের হাজার হাজার নেতাকর্মী চাকরিচ্যুত হয়েছেন এবং হামলায় শ্রমিকদের নিহত ও আহত হওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

সমাবেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইএলও কনভেনশনের নীতিমালা অনুযায়ী জাতীয় শ্রমিকলীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। এ বিষয়ে আইএলও, আইটিইউসি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র শ্রমিকলীগের এম এ আলম বিপ্লব, লস্কর ময়জুর রহমান জুয়েল, আব্দুর রাজ্জাক আনোয়ার, মো মোতালেব হোসেন, সাইদুল ইসলাম প্রমুখ ।