রিয়াদ: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পার্শ্ববর্তী আল-খারজ শহরে শনিবার ভোরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সম্ভাব্য আকাশপথের হুমকির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে এসব বার্তা পাঠানো হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ ‘অল ক্লিয়ার’ ঘোষণা করে জানায়, তাৎক্ষণিক বিপদের পরিস্থিতি কেটে গেছে। সতর্কতা জারির পর রিয়াদের ওলায়া এলাকায় বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।
সাম্প্রতিক হুথি হামলা বৃদ্ধির পর রিয়াদে এ ধরনের সতর্কতা জারির ঘটনা এবারই প্রথম বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইয়েমেনের রাজধানী সানায় সৌদি আরবের কথিত হামলার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার হুমকি দেন।
এরপর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে আকাশে আগুনের শিখা ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। তবে ধোঁয়ার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সৌদি সরকারের সংশ্লিষ্ট মিডিয়া দপ্তরও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।
হুথিদের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা সাম্প্রতিক সময়ে দ্রুত বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করার পর থেকে হুথিরা দেশটির বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে।
সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরবের আরও কয়েকটি এলাকায় নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছে জেদ্দা, তাইফ, খামিস মুশাইত ও আলউলা। এর আগে চলতি সপ্তাহে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে। হুথিরা অবশ্য মক্কা বা কোনো ইসলামি পবিত্র স্থাপনা লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি অবকাঠামো এবং আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের কিছু অংশ হুথিদের নিয়ন্ত্রণে থাকায় কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে।